পরকীয়ার সন্দেহে গলা কেটে স্ত্রীকে হত্যা, পরে ৯৯৯-এ ফোন
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে নিজেই হত্যার কথা জানান অভিযুক্ত স্বামী। পরে ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পুরাতন মসজিদের পেছনে নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে মনির (২৮) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতেও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে মনির তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং পরে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
হত্যার পর মনির নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে বন্দর থানার ডিউটি অফিসারকে স্ত্রীকে হত্যার কথা জানান। খবর পেয়ে এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।