দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ২৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আ স ম গোলাম কিবরিয়া জেহাদ। শারদীয় দুর্গাপূজার নবমীতে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর থেকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, পূজার আয়োজন ও উৎসবের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্য, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার আয়োজন চলতে দেখা যায়।এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন গোলাম কিবরিয়া জেহাদ। তিনি সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান। ধর্ম যার যার, দেশটা সবার—এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকলে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তিনি মত প্রকাশ করেন।