রোববার, ২৫ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুক হামলায় আহত ১২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টালাহাসিতে ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুক হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন শিশু।  স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। টালাহাসি পুলিশের প্রধান লরেন্স রেভেলের দেওয়া তথ্য অনুযায়ী, আহত ১২ জনের মধ্যে ১১ জনই গুলিবিদ্ধ হয়েছেন। বাকি একজন হামলার সময় পালাতে গিয়ে আহত হন। তিনি একজন ভুক্তভোগীর দাদি। শনিবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, আহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন অপ্রাপ্তবয়স্ক। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ১১ বছর। অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আটজনের অবস্থা স্থিতিশীল। রবিবার সকালে দেওয়া সর্বশেষ তথ্যে টালাহাসি পুলিশ বিভাগ জানায়, আহতদের মধ্যে ছয়জন তখনো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য পাঁচজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, কয়েকজনের মধ্যে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত হয়।  এদিকে, ফ্লোরিডা এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ২৪ অক্টোবর সন্ধ্যায় ক্যাম্পাসের কাছের পেরি স্ট্রিটে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তারা অবগত। টালাহাসি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তথ্যসূত্র : এবিসি নিউজ বিডি প্রতিদিন/কেএ

ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুক হামলায় আহত ১২