রোববার, ১৮ অক্টোবর ২০২৬
উত্তরের চোখ

সংঘাত নয়, আলাপ-আলোচনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

হানাহানি, সংঘাত ও রক্তপাত এড়িয়ে আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, “ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই।” মানুষের জন্য যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ নয়; সবাই বাংলাদেশি হিসেবে একসঙ্গে বসবাস করবে।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হানাহানি ও সংঘর্ষে না জড়িয়ে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।তরুণদের সক্ষমতা তৈরির আহ্বানঅনুষ্ঠানে যুবসমাজের প্রতিও বিশেষ আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি তরুণদের শুধু চাকরি কিংবা ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের সক্ষমতা তৈরি করার পরামর্শ দেন।তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতা থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবনের বিনিময়েও কাজ করার প্রত্যয় থাকতে হবে।রাষ্ট্রপতি আরও বলেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।বাবা-মায়ের কবর জিয়ারতএর আগে দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের প্রথম দিন রোববার দুপুরে পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।কবর জিয়ারতের সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে রাষ্ট্রপতি শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।সফরের দ্বিতীয় দিনে কর্মসূচিরাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

সংঘাত নয়, আলাপ-আলোচনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির