বিরামপুরে চাকরীর মেলা,সকালে আবেদন, বিকেলে ৩ হাজার জনের চাকরি
দিনাজপুরের বিরামপুরে চাকরিমেলায় অংশ নিয়ে এক দিনেই চাকরি পেয়েছেন তিন হাজার চাকরিপ্রার্থী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী এ চাকরিমেলায় প্রায় ৯১ হাজার আবেদনকারীর মধ্য থেকে তাঁদের নিয়োগ দেওয়া হয়। মেলায় দেশের ৮৩টি কোম্পানি অংশ নেয়।সকাল থেকে চাকরিপ্রার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলাপ্রাঙ্গণ। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে দূরদূরান্ত থেকে আসেন তরুণ-তরুণীরা। দিন শেষে চাকরির সুযোগ পেয়ে অনেকের মুখে হাসি ফোটে। এক দিনে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় মেলাটি চাকরিপ্রার্থীদের মধ্যে সাড়া ফেলে।মেলায় চাকরি পাওয়া ব্যক্তিদের একজন সরোয়ার মোর্শেদ আহমেদ। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পেজ অ্যাগ্রোভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার পদে চাকরি পেয়েছেন তিনি।সরোয়ার মোর্শেদ আহমেদ বলেন, সকালে সাতটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি। দুপুরেই চাকরি পাওয়ার খবর পান। পরে সন্ধ্যায় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এক দিনেই চাকরি পাওয়ায় তিনি আনন্দিত।আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব কমানোর লক্ষ্যেই এ চাকরিমেলার আয়োজন করা হয়। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হয়। নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।এক দিনে তিন হাজার মানুষের চাকরি পাওয়ার এ উদ্যোগ স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত করা গেলে শিক্ষিত ও কর্মপ্রত্যাশী তরুণদের চাকরির সুযোগ বাড়বে।