প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে প্রতারণা,চক্রের মূলহোতা গ্রেফতার
রোকনুজ্জামান রোকন, উপজেলা প্রতিনিধি ||
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সৈয়দা তামিমা খাতুন (৪৫) নামক এক নারীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত নারী উপজেলা সদরের তর্পনঘাট গ্রামের আফজাল হোসেনের কন্যা।মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে তার বাবার বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার ভুক্তভোগী সাহাবুর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামি শওকত আলী (৫৪) কে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর শারীরিক প্রতিবন্ধী পিতা লুৎফর রহমানের প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও প্রতিবন্ধী ভাতার সুবর্ণ কার্ডের জন্য চিকিৎসকের স্বাক্ষরযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র ও কার্ডের ব্যবস্থা করে দেয়ার কথা বলে বাদীর পিতা ও একই এলাকার সাহাবুল আলমের কাছ থেকে দুই দফায় মোট ৫ হাজার ৩০০ টাকা নেয় অভিযুক্তরা।তাঁদের একটি প্রতিবন্ধী সনদ, চিকিৎসা প্রতিবেদন ও প্রত্যয়নপত্র বাদীর কাছে সরবরাহ করে অভিযুক্তরা। পরে সে সব কাগজপত্র উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিলে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা কাগজপত্রগুলো ভুয়া বলে শনাক্ত করে।বাদীর দাবী একই চক্রের সদস্যরা প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক চক্রটি। সর্বশেষ গত ২ আগস্ট ২০২৬ তারিখে উর্মি খাতুন নামে এক নারীর কাছ থেকেও চিকিৎসা প্রতিবেদন ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র সংগ্রহের আশ্বাস দিয়ে এক হাজার টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস জানান, প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ