প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরও ১৮ জন গ্রেফতার, মোট ২৫
মোঃ বাদল শেখ , গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ ||
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গতকাল ৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পৌঁছালে সেখানে টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি অবস্থান হয়।এ সময় পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করে।হামলায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ