প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
কোস্টারিকার কোচ হলেন সাবেক অধিনায়ক রুইজ
উত্তরের চোখ ডেক্স ||
২০৩০ বিশ্বকাপ বাছাইপর্বের অভিযানে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সাবেক অধিনায়ক ব্রায়ান রুইজকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কোস্টারিকা। ৪১ বছর বয়সী রুইজ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালনকালে দুটি জয় পাওয়ার পর এখন স্থায়ীভাবে এই পদে এলেন।
চলতি মাসের শুরুর দিকে কনকাকাফ নেশনস লিগে তার অধীনে কোস্টারিকা নিকারাগুয়াকে ৩-০ এবং হাইতিকে ২-০ গোলে পরাজিত করেছিল। তিনি আর্জেন্টাইন কোচ ফার্নান্দো বাতিস্তার স্থলাভিষিক্ত হলেন, যাকে সেপ্টেম্বরে বরখাস্ত করা হয়েছিল। এর আগে মিগুয়েল হেরেরার অধীনে কোস্টারিকা ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল।
সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রুইজ ২০২২ সালে অবসরে যাওয়ার আগে টানা তিনটি বিশ্বকাপে দেশের অধিনায়কত্ব করেছিলেন। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, রুইজের কোচিং স্টাফে থাকছেন কোস্টারিকার হয়ে খেলা সাবেক ফুটবলার উইলমার লোপেজ, ক্রিশ্চিয়ান বোলানোস এবং ওয়ার্ডি আলফারো। রুইজ ১৩ নভেম্বর ইকুয়েডর এবং চার দিন পর আর্জেন্টিনার বিপক্ষে অ্যাওয়ে প্রীতি ম্যাচের মধ্যে দিয়ে তার দায়িত্বকাল শুরু করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: জসিম উদ্দিন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত উত্তরের চোখ